আগৈলঝাড়া থানায় হামলা মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ ৫ জন কারাগারে
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (১১ জুলাই) অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসিন আক্তার এবং তদন্তে শনাক্ত আসামি হাসিনা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করে। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়।
এদিকে একই মামলায় আরও একজন আসামিকে উজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশ দল ডিবির হেফাজত থেকে চার আসামিকে গ্রহণ করে আগৈলঝাড়ায় নিয়ে আসে।
রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে বরিশালের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় মামলার প্রধান এজাহারভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। এছাড়া একই মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে পাঁচজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এজাহারভুক্ত আসামি নুরু মিয়াকেও রবিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ৪৩ আসামির মধ্যে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, মামলার এজাহারভুক্ত এবং তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার ঘটনায় জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply